শিরোনামঃ

গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সারা দেশের মত গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে| জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।


আজ শনিবার (০২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জের তিন সাংসদ সেলিমুজ্জামান সেলিম, ডাঃ কে. এম. বাবর ও এস. এম. জিলানী।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকুউজ্জামান বক্তব্য রাখেন| এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|


আজ শনিবার প্রথম দিনে ফুটবলে বালক বিভাগে মুকসুদপুর উপজেলা ১-০ গোলে কাশিয়ানী উপজেলা ও বালিকা বিভাগে মুকসুদপুর উপজেলা ১-০ গোলে কাশিয়ানী উপজেলাকে হারিয়ে জয়লাভ করে।


গোপালগঞ্জ জেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্টসহ ৮টি ইভেন্টে ৬টি দল অংশ নেবে|


অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে. এম. বাবর বলেণ, বিশ্বের বিভিন্ন দেশ খেলাধুলাকে পেশা হিসেবে নিয়েছে| তারা খেলাধুলার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন| আমাদের নেতা তারেক রহমানও খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহন করার জন্য নানা উদ্যোগ গ্রহন করেছেন| ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরাও খেলাধুলা পেশা হিসেবে নিয়ে সম্মানজনক ইনকাম করবেন| তাই অভিভাবকদের অনুরোধ করবো আপনার সন্তানকে খেলাধুলায় উৎসাহিত করুন|তাহলে আপনার সন্তান সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে|


গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী এমপি বলেন, দেশের যুব সমাজ আজ মাদক আর মোবাইলের নেশায় আসক্ত| খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে এই আসক্তি থেকে ফিরিয়ে আনা সম্ভব| তাই আমি প্রতিটি ইউনিয়নের দু’টি করে খেলার মাঠ তৈরী উদ্যোগ গ্রহন করেছি| সুস্থ জাতি গঠনে সুস্থ ও সবল মানুষের কোন বিকল্প নাই| তাই পরিবারকে সজাগ থাকতে হবে যেন তাদের সন্তানরা খারাপ নেশায় আসক্ত না হয়| তাদেরকে খেলাধূলার প্রতি উৎসাহ প্রদান করতে হবে|


উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, সুস্থ-সবল ও মেধাবী সমাজ গড়ার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই| খেলাধুলা কিন্তু নিছক কেবল বিনোদন বা শরীরচচ্চা নয়, খেলাধুলা একটি সুন্দর পেশা| নির্বাচনের আগে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে পেশা হিসেবে বিবেচনা করা হবে| সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি (তারেক রহমান) সারা দেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করেছেন| একজন ভাল ও মেধাবী খেলোয়াড় তার খেলাকে পেশা হিসেবে নিতে পারেন তার সব ব্যবস্থা করা হবে|


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করেছেন| মায়েদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দশ হাজার টাকা কৃষি ঋণ সুদাসলে মওকুফ ও সারা দেশে খাল খননের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে| ১৯৮০ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নতুন কুঁড়ি সৃষ্টি করেছিলেন| আমাদের নেতা তারেক রহমান চিন্তা করেছেন ১২ থেকে ১৪ বছর বছরের সকল মেধাবী খেলোয়াড়দের বাছাইয়ের মাধ্যমে দেশের সম্পদ হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছেন| #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?