শিরোনামঃ

গলাচিপায় নতুন ‘নলুয়াবাগী’ ইউনিয়ন গঠন, ইউনিয়ন সংখ্যা দাঁড়াল ১৩টিতে


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ০২ নং গোলখালী ইউনিয়নকে বিভক্ত করে ‘১৩ নং নলুয়াবাগী ইউনিয়ন’ নামে একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এর ফলে গলাচিপা উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১২টি থেকে বেড়ে ১৩টিতে দাঁড়াল।


​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এ সংক্রান্ত ়প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) চিঠি পাঠানো হয়েছে।


​জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারার ১ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান ০২ নং গোলখালী ইউনিয়নকে বিভক্ত করে ‘০২ নং গোলখালী ইউনিয়ন’ এবং ‘১৩ নং নলুয়াবাগী ইউনিয়ন’ নামে পৃথক দুটি ইউনিয়ন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি সরকারি গেজেট আকারে প্রকাশ করে এর ৫০ কপি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


​এদিকে, নতুন এই ইউনিয়ন গঠনে বিশেষ ভূমিকা রাখায় মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর-এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নলুয়াবাগী ও গলাচিপাবাসী। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। নতুন ইউনিয়ন গঠনের ফলে অবহেলিত এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছেন এলাকাবাসী।


​উল্লেখ্য, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়, স্থানীয় সরকার বিভাগ, বরিশাল বিভাগীয় কমিশনার ও গলাচিপা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?