শিরোনামঃ

বরিশালে যুব ও SRHR নেটওয়ার্ক গঠন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বরিশালে আলোচনা সভা ও প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বনমালী গাঙ্গুলী হোস্টেলে এ সভা অনুষ্ঠিত হয়।

রেডঅরেঞ্জ ও এমপ্লিফাই চেইঞ্জের সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস)-এর বাস্তবায়নে Youth Share-Net Project-এর আওতায় ‘Establishing Localised Youth and SRHR Network & Campaign to Prevent Violence Against Women’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডার সমতা, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা এবং প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুবদের নেতৃত্ব বিকাশ, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক যুব ও SRHR নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের বনমালী গাঙ্গুলী হোস্টেলের সুপার ও সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মনিরা আক্তার এবং লিগ্যাল অ্যাডভাইজার কান্তা দে।

আভাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক জান্নাতুল নাঈম ঐশী, প্রকল্প কর্মকর্তা ময়ূরী আক্তার টুম্পা এবং প্যারালিগাল নাহার তালুকদার।

আলোচনায় অংশগ্রহণকারীরা যুবদের সক্রিয় অংশগ্রহণ, SRHR বিষয়ে সঠিক তথ্য ও সেবা নিশ্চিত করা, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতামুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, যুবদের সচেতনতা, নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অধিকারভিত্তিক, সমতাপূর্ণ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?