শিরোনামঃ

গলাচিপায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো মেধাবী ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বাল্যবিবাহ শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। একই সঙ্গে ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। অন্যদিকে, মাদ্রাসার সুপার ঘোষণা দিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত ঝুমুরের কোনো খরচ লাগবে না।


সোমবার (৯ নভেম্বর) ইউএনওর নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম ও ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। পরে বিয়ের আয়োজন বন্ধ করে ঝুমুর ও তার পরিবারের সদস্যদের গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে মেয়ের বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও।


এদিকে ভিডিও কলের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় তার সাহসী উদ্যোগের প্রশংসা করে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রশাসনের হস্তক্ষেপ ও জনপ্রতিনিধির এমন আশ্বাসে নতুন করে স্বপ্ন দেখছে ঝুমুর ও তার পরিবার। 


এর আগে পরিবারের পক্ষ থেকে ঝুমুরের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা হচ্ছে এবং সে বিয়ে না করে পড়াশোনা চালিয়ে যেতে চায়—এমন অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয় বাল্যবিবাহ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?