শিরোনামঃ

ঘামের দামে গড়া সংসার, তবুও স্বপ্নগুলো যেন অধরাই।


রুস্তম ফারাজী, কেশবপুর।


দিনভর কঠোর পরিশ্রম, কপাল বেয়ে ঝরা ঘাম আর ক্লান্ত শরীর এই নিয়েই প্রতিদিন ঘরে ফেরেন অসংখ্য শ্রমজীবী মানুষ। তাঁদের উপার্জিত সামান্য অর্থেই চলে একটি পরিবারের খাবার, পোশাক, চিকিৎসা ও সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন।

শ্রমজীবী মানুষের কাছে প্রতিটি টাকা শুধু অর্থ নয়; এর সঙ্গে মিশে থাকে অসীম কষ্ট, ত্যাগ আর না-বলা গল্প। ভোরের আলো ফোটার আগেই কর্মস্থলের পথে বেরিয়ে পড়া, আর দিন শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরা এভাবেই ঘামের বিনিময়ে অর্জিত অর্থ দিয়ে তাঁরা সংসারের চাকা সচল রাখেন।

কিন্তু সেই আয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মাসের শুরুতে হাতে পাওয়া উপার্জন মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায়। কখনো সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে নিজের প্রয়োজনকে বিসর্জন দিতে হয়, আবার কখনো পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের না-খেয়ে থাকার কষ্টও লুকিয়ে রাখতে হয়।

তবুও থেমে থাকেন না তাঁরা। কারণ তাঁদের ঘামে শুধু একটি সংসার চলে না—চলে সন্তানের স্বপ্ন, পরিবারের আশা এবং একটি সুন্দর ভবিষ্যতের অপেক্ষা। নীরবে সংগ্রাম করে যাওয়া এই মানুষগুলোর জীবনে আনন্দের চেয়ে বিষাদের গল্পই যেন বেশি। তবুও প্রতিদিন নতুন আশায় তাঁরা আবারও কাজে বেরিয়ে পড়েন—হয়তো একদিন তাঁদের কষ্টের দিন শেষ হবে, আর ঘামের প্রতিটি ফোঁটা এনে দেবে একটু স্বস্তির জীবন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?