শিরোনামঃ

ফলোআপ নিউজ...........    গোপালগঞ্জে নিজ বাড়িতে বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্র, পুলিশের মামলা



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মো: মতিউর রহমান মোল্লা (২৫) নামে এক মাদ্রাসা ছাত্র আহত হবার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ।


বুধবার (২৫ মার্চ) বিস্ফোরক দ্রব্য আইনে মাদ্রাসা ছাত্র মতিউর রহমানসহ (২৫) অজ্ঞাত ৪ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী।


টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


আহত মাদ্রাসা ছাত্র মো: মতিউর রহমান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি মাদ্রাসার ছাত্র। সে এক বছর পর মতিউর মাওলানা পাশ করবে বলে জানিয়েছেন স্বজনেরা।


মামলা সুত্রে জানা যায়, গত ২৩ মার্চ রাতে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের মোস্তাক আহম্মেদের বাড়িতে ছেলে মতিউর রহমানসহ কয়েকজন দুস্কৃতিকারী ককটেল বানানোর সময় একটি বিস্ফোরিত হয়। এতে মাদ্রাসা ছাত্র মতিউরের হাত-পা ও মুখ ঝলসে গিয়ে গুরুতর জখম হয়। তখন সাথে থাকা অজ্ঞাত ৪ জন দৌড়ে পালিয়ে যায়। বিস্ফোরিত ককটেলের বিকট শব্দে স্থানীয় লোকজন মতিউরের বাড়িতে এসে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে আহত মাদ্রাসা ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।


ওসি আইয়ুব আলী এতথ্য নিশ্চিত করে বলেন, ২৩ মার্চ রাতে নিলফা এলাকায় ককটেল বিস্ফোরণ হওয়ার পর গত মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২ টায় পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে তারা অবিস্ফোরিত একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।


ওসি আরও বলেন, এছাড়া ঘটনাস্থল থেকে এসএস পাইপের টুকরার অংশ, একটি বাঁশের হাতলযুক্ত লোহার হাতুড়ি, দিয়াসলাই বাক্সের ১৮ টি খোসা ও বারুদ ছাড়ানো ৩০০ টি কাঠি উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাকি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


তবে আহত মতিউরের বাবা মোস্তাক আহম্মেদ ও দুলাভাই কাইয়ুম দাড়িয়ার দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলছে যায়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?