শিরোনামঃ

বসুন্দিয়া হাটে জমজমাট লিচুর বাজার, প্রতিদিন বেচাকেনা ৪লাখ, মৌসুমে টার্গেট সাড়ে ৭কোটি টাকা



আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:

যশোর সদর উপজেলার বসুন্দিয়া হাটে এখন জমে উঠেছে মৌসুমি লিচুর বাজার। বসুন্দিয়া ও পার্শ্ববর্তী এলাকার বাগান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ লিচু আসছে এই হাটে। ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে সকাল থেকে রাত পর্যন্ত বাজারজুড়ে বিরাজ করছে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।

বসুন্দিয়া বাজার ঘুরে দেখা যায় এ বাজারে বর্তমানে ৫টি লিচুর আড়ত রয়েছে। এসব আড়তে প্রতিদিন দেশি, চাইনা-২, চাইনা-৩ এবং মোজাফফর জাতের গড়ে প্রায় ১২ লক্ষ লিচু পাইকারি দামে ক্রয়-বিক্রয় পূর্বক ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। আড়তদার ব্যবসায়ীদের বক্তব্য মতে গতকাল বুধবার (১৩মে) এই লিচুর বাজারে লিচুর দাম ছিল ২২০০ টাকা ৪৫০০ টাকা প্রতি হাজার। একদিনের গড় হিসাব অনুযায়ী লিচু বেচা-কেনা হয়েছে প্রায় ৪১ লক্ষ টাকা। চলমান মৌসুমে কেনাবেচার টার্গেট সাড়ে ৭ কোটি টাকা।

লিচু চাষ ও উৎপাদনের জন্য যশোর সদর ও বাঘারপাড়া উপজেলার বসুন্দিয়া, গোপেরডাঙ্গা, জঙ্গলবাধাল, বাগডাঙ্গা, ঘোষনগর, জয়রামপুর, বাসুয়াবাড়ি, মাহমুদপুর ও ওয়াদিপুর অঞ্চল দীর্ঘদিন ধরে পরিচিত। প্রতিবছর এসব এলাকার বাগানগুলোতে প্রচুর পরিমাণে লিচুর বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে। এ বছর লিচুর ফলন একটু কম হলেও কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সন্তোষ দেখা গেছে।

স্থানীয় আড়তদাররা জানান, মৌসুমের শুরু থেকেই বাজারে লিচুর চাহিদা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। এতে কৃষকরাও ন্যায্যমূল্য পাচ্ছেন বলে তারা দাবি করেন।

লিচুর মৌসুমকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাজারকেন্দ্রিক পরিবহন, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?