শিরোনামঃ

বরিশালের তিন আসনে ভোটের আগে আতঙ্ক: পেশিশক্তি ও সন্ত্রাসে শঙ্কিত প্রার্থী-ভোটার.



সাকিব উল হক,

বরিশাল প্রতিনিধি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোটের দিনের। কিন্তু উৎসবের আমেজের মধ্যেই বরিশালের একাধিক আসনে পেশিশক্তি ও সন্ত্রাসী তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে।

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে প্রচার চলাকালেই সন্ত্রাসীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন সন্ত্রাসী আটকও হয়েছে। এতে এলাকাজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। এ আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী আব্দুস সোবাহান। শুরু থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্বপনের অনুসারীদের বিরুদ্ধে সোবাহানের সমর্থকদের ওপর হামলা ও হুমকির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে স্বপনসহ সাতজনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

জানা গেছে, তফসিল ঘোষণার পর থেকে একসময়ের নিষিদ্ধ ঘোষিত সর্বহারারা পার্টির কিছু নেতা-কর্মীর আনাগোনা বেড়েছে এলাকায়। রোববার রাতে গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা ও তাঁর ভাই বাচ্চু প্যাদাকে আটক করা হয়। সেনাবাহিনী জানায়, নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ককটেল ও অস্ত্র মজুত করা হয়েছিল।

সোমবার গৌরনদীতে এক পদসভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে ঘিরে হুমকি ও হামলা হচ্ছে। কেউ ভোটকেন্দ্র দখল বা সন্ত্রাস করলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করীমের মিডিয়া কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, ‘আগের মতো এবারও নগরে পেশিশক্তি ব্যবহারের আশঙ্কা রয়েছে।’ একই অভিযোগ করেন বাসদের প্রার্থী মণীষা চক্রবর্তী। তিনি জানান, বিভিন্ন স্থানে তাঁর নির্বাচনী ক্যাম্প করতেও বাধা দেওয়া হচ্ছে।

এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপি তাদের সমর্থিত ব্যক্তিদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। জামায়াতের আমির ফিরোজ আলম বলেন, রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। একই সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লার প্রার্থী মাহমুদুন নবী তালুকদার অভিযোগ করেন, ভোটে পেশিশক্তির আশ্রয় নেবে বিএনপি। অন্যদিকে মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘বিএনপি পেশিশক্তিতে বিশ্বাসী নয়, আমরা গণতান্ত্রিক নির্বাচনে আস্থাশীল।’

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?