শিরোনামঃ

বরিশালে ডাচ রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল

নদী, বদ্বীপ ও উপকূল—ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে রয়েছে বেশ কিছু মিল। সেই মিলের জায়গা থেকেই বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবনযাত্রা, বিশেষ করে সুপেয় পানির সংকট ও তা নিরসনের উদ্যোগ দেখতে বরিশাল সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল।

সফরের অংশ হিসেবে তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে গ্রামীণ মানুষের সুপেয় পানির সংকট ও পানি সরবরাহের উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় মানুষের আতিথেয়তা ও ঐতিহ্যেও মুগ্ধতার কথা জানান তিনি।


বাকেরগঞ্জে গ্রামীণ মানুষের সুপেয় পানির সংগ্রাম ও তা নিরসনে নেওয়া উদ্যোগ পরিদর্শনকালে রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল বলেন, নদী, বদ্বীপ ও উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রার ক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে অনেক মিল রয়েছে। এসব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।

ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও ম্যাক্স ট্যাপ ওয়াটারের সহায়তায় প্রত্যন্ত অঞ্চলে অফ-গ্রিড সিস্টেমের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের কার্যক্রমও পরিদর্শন করেন ডাচ প্রতিনিধি দলের সদস্যরা। ঘরে ঘরে ট্যাপের মাধ্যমে নিরাপদ পানি পৌঁছে দেওয়া গেলে বিশেষ করে নারী ও শিশুদের পানি সংগ্রহের কষ্ট এবং নিরাপত্তা ঝুঁকি কমবে বলে জানান রাষ্ট্রদূত।


ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়োকা ল্য পুলে বলেন, প্রায় দুই দশক আগে তাঁদের মানবিক কার্যক্রমের যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে তাঁরা কাজ করে যাচ্ছেন।

বৃষ্টির মধ্যেও বরিশালের অভিজ্ঞতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাচ রাষ্ট্রদূত হাসিমুখে নিজের মুগ্ধতার কথা জানান। ডাচ সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সফরের একপর্যায়ে রাষ্ট্রদূত বরিশালের ঐতিহ্যবাহী ভাসমান বাজার ঘুরে দেখেন। এ সময় তিনি বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় জীবনযাত্রা ও এখানকার সুস্বাদু মাছেরও প্রশংসা করেন।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স ফাউন্ডেশন সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?