শিরোনামঃ

বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৭টি ব্যবসা প্রতিষ্ঠান


সোহাগ হাওলাদার, বরগুনাঃ

বরগুনার আমতলী উপজেলার একটি স্থানীয় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি ও মনোহারী দোকানসহ বিভিন্ন ধরনের ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আশপাশের আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ করেই গাজীপুর বন্দর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।


খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এরই মধ্যে বাজারের মুদি ও মনোহারী দোকানসহ বিভিন্ন ধরনের ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়া আশপাশের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিসের আমতলী স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাজারের অন্তত ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি আরও জানান, আগুন থেকে প্রায় ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হলেও প্রাথমিকভাবে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?