শিরোনামঃ

কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন।


রুস্তম ফারাজী, কেশবপুর।


“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মোক্তার আলী। উপজেলা নির্বাহী অফিসার,  জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব সংগঠক, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দক্ষতা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে কাজে লাগাতে পারলে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে যুবসমাজকে দেশ গঠনের অগ্রণী শক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির আয়োজন কেশবপুরের তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা ও সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?