শিরোনামঃ

আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার


বরিশাল প্রতিনিধি :


হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ওইদিন বিকেলে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করেছে পুলিশ।


বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা শাখার সদস্য।


রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন পুতুল জানিয়েছেন, বিকেল তিনটার দিকে আগৈলঝাড়া থানার ওসি  বাড়িতে এসে কথা বলার জন্য তার অসুস্থ স্বামীকে ডেকে নিয়ে  যায়। পরবর্তীতে কোন মামলা ছাড়াই তাকে (রইচ সেরনিয়াবাত) গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।


তিনি আরও জানিয়েছেন, ওইদিন বিকেলে নাটকীয় মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার অসুস্থ স্বামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


মুক্তিযোদ্ধার স্ত্রী বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে কোন মামলাও নেই। তারপরেও শুধু আওয়ামী লীগকে ভালবাসার অপরাধে কোন মামলা ছাড়াই পুলিশ আমার অসুস্থ স্বামীকে গ্রেপ্তার করেছে।


আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?