শিরোনামঃ

প্রকৃতি সংরক্ষণে শিক্ষার্থীদের দের উদ্যোগ: খুবিতে ফউটেক ক্লাবের অগ্রযাত্রা




সোহান সাকিব খুবি প্রতিনিধি :



আমরা স্বভাবতই বনকে ভালোবাসি—সবুজের সান্নিধ্যে থাকতে, বৃক্ষরোপণ করতে, আর তাদের যত্ন নিতে ভালো লাগে আমাদের সবারই। তবে যদি এই ভালোবাসাটুকু আরও গভীরভাবে জানতে পারি? যদি পারি বন, বৃক্ষ ও পরিবেশ সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা অর্জন করে প্রকৃতি সংরক্ষণে বাস্তব ভূমিকা রাখতে? পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের জটিল বিষয়গুলো বুঝে নিতে পারি নতুন দৃষ্টিতে?


ঠিক এমনই এক স্বপ্ন ও দায়িত্ববোধ থেকেই বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের  ১৬ জন শিক্ষার্থীর হাত ধরে ২০২১ সালের ৭ নভেম্বর ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাব(ফউটেক) এর যাত্রা।



ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবএকটি ডিসিপ্লিন ভিত্তিক ক্লাব।ক্লাবের মূল উদ্দেশ্য ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে তাদের আগ্রহ সৃষ্টি করা।


এছাড়া প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ স্থাপন, প্রফেশনাল ও একাডেমিক উন্নয়ন, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতা কর্মসূচি আয়োজন ক্লাবের অন্যতম উদ্দেশ্য।



এই ক্লাবের মূলমন্ত্র বা স্লোগান হচ্ছে," প্রকৃতি রক্ষা করি, শান্তির ছায়াতলে বাঁচি"



বর্তমান নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ইনসান আলি এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. ফারদিন আহম্মেদ দীপন।ক্লাবের শুরু থেকেই উপদেষ্টা শিক্ষক হিসেবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর  ড. মো. নাজমুস সাদাত এবং সহযোগী প্রফেসর এস. এম. রুবাইয়াত আবদুল্লাহ।



সম্প্রতি বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাব (ফউটেক) আয়োজন করে ‘থ্রি মিনিট প্রেজেন্টেশন’ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা বন্যপ্রাণী সংরক্ষণে নানা উদ্ভাবনী ধারণা তুলে ধরেন।

এছাড়া ক্লাবটি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঈদ উপহার বিতরণ ও শীতকালীন বস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।

বাংলা নববর্ষে বৈশাখী মেলায় ‘হরিৎ কুটির’ নামে পরিবেশবান্ধব স্টল এবং রমজানে ইফতার মাহফিলের আয়োজনও করে ফউটেক।

উচ্চশিক্ষা বিষয়ক দিকনির্দেশনা দিতে অনুষ্ঠিত হয় অনলাইন ওয়েবিনার "রোডম্যাপ টু হায়ার স্টাডিজ ইন ইউ-এস-এ ফর ফরেস্ট্রি গ্র্যাজুয়েটস"।

পরিবেশ সচেতনতায় ক্লাবের অভিনব কর্মসূচি 'গিভ এন্ড টেক – সিজন ১,২,৩ - এ "গিভ আস প্লাস্টিক অ্যান্ড টেক আ ট্রি" ধারণায় প্লাস্টিকের বিনিময়ে চারা বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।



প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী ক্লাবটিতে যুক্ত হন। বর্তমানে ফউটেক ক্লাব এর সদস্যসংখ্যা প্রায় ২৫০ জন।



খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র বিষয়ক পরিচালক ও ক্লাবের উপদেষ্টা শিক্ষক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত বলেন, যেহেতু ক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ক্লাবের সাথে যুক্ত আছি, ক্লাবের কার্যক্রম দেখে আমি সত্যিই আনন্দিত। শিক্ষার্থীরা শুধু একাডেমিক জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বরং তারা প্রকৃতি সংরক্ষন, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে এই ক্লাব প্রতিবছরই বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচিসহ নানা উদ্যেগে সক্রিয়ভাবে করছে। বিশেষ করে তাদের প্লাস্টিকের বিনিময় গাছের চারা বিতরণ কর্মসূচি একটি ব্যতিক্রম অন্যন্য সাধারণ উদ্যোগ। আমি বিশ্বাস করি, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে তাদেরকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল পেশাজীবী হিসেবে গড়ে তুলবে।



ক্লাবের দপ্তর সম্পাদক মো: মোকাররম হোসেন জানান, নবীনতম ক্লাব হিসেবে আমরা অল্প সময়ের মধ্যেই অনেক কাজ করেছি। ডিসিপ্লিনের ক্লাব হওয়ার পরের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত হয়েছি। আগামী ১-২ বছরের মধ্যে এই ক্লাবকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা একটি ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।



ক্লাবের বর্তমান সভাপতি বলেন, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাব কেবল একটি সংগঠন নয়, এটি ফরেস্ট্রি পরিবারের ঐক্য ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। আমাদের লক্ষ্য—বিজ্ঞানভিত্তিক ধারণা ও সৃজনশীলতার মাধ্যমে প্রকৃতির জন্য কাজ করা।



ক্লাব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের আগামী লক্ষ্য হলো শিক্ষার্থীদের গবেষণামুখী কার্যক্রম বাড়ানো, আধুনিক বনবিদ্যা জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং ক্যাম্পাসজুড়ে পরিবেশবান্ধব উদ্যোগকে আরও শক্তিশালী করা। আমরা চাই এই ক্লাব এমন এক প্ল্যাটফর্ম হোক যেখানে প্রতিটি শিক্ষার্থী দক্ষতা, নেতৃত্ব ও সৃজনশীলতার মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে বাস্তব অবদান রাখতে পারে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?