শিরোনামঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী শোভাযাত্রায় বর্ণিল নববর্ষ উদযাপন



খুবি প্রতিনিধি : সৈয়দ জাওয়াদ হোসেন সামি 


খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল এই শোভাযাত্রা, যা বিশ্ববিদ্যালয়জুড়ে ছড়িয়ে দেয় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের রঙিন বার্তা।


সকালে ‘এসো হে বৈশাখ, এসো.. এসো ...’ বর্ষ আবাহন সঙ্গীতের মাধ্যমে নববর্ষ উদযাপনের সূচনা হয়। এরপর সকাল ১০টায় হাদী চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয় পরিবার সম্মিলিতভাবে যেভাবে এই উৎসব উদযাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রতি বছরের মতো এবছর ও খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ঘিরে এ ধরনের বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যা আমাদের জন্য আনন্দের বিষয়। এ দিনটিকে ঘিরে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে একত্রিত হন, ফলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কারুকার্যে সাজানো অনুষ্ঠানমালা সকলের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। এজন্য আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এ অনুষ্ঠানে আগত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।”


উদ্বোধনী পর্ব শেষে চারুকলা স্কুলের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। মুখোশ, আলপনা, ঢাক-ঢোল, কাঠের কারুকাজ এবং নানা ঐতিহ্যবাহী উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রার প্রতিটি অনুষঙ্গে ফুটে ওঠে গ্রামীণ জীবন, লোকজ ঐতিহ্য ও বাঙালির হাজার বছরের সংস্কৃতির বহুমাত্রিক রূপ।


শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও সৃজনশীলতা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নিজ নিজ থিমে সাজিয়ে তোলে শোভাযাত্রার অংশ, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রা হয়ে ওঠে নববর্ষ উদযাপনের প্রাণকেন্দ্র। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুরো আয়োজন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?