শিরোনামঃ

খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনে দুটি আধুনিক ল্যাবের উদ্বোধন


খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি


খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনে ‘এডভান্সড প্রিন্টমেকিং ল্যাব’ ও ‘ইনটাগ্লিও প্রিন্টমেকিং ল্যাব’ শীর্ষক দুটি আধুনিক ল্যাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাব দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।


উদ্বোধন শেষে উপাচার্য ল্যাব পরিদর্শন করেন এবং সেখানে স্থাপিত যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শিল্পশিক্ষা ও গবেষণাকে যুগোপযোগী করতে আধুনিক অবকাঠামো অপরিহার্য। নতুন এ দুটি ল্যাব শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। সভায় সভাপতিত্ব করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ।


এ সময় ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ তরিকত ইসলাম, ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মন্ডলসহ চারুকলা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


নবউদ্বোধিত ল্যাব দুটিতে সংযোজন করা হয়েছে আধুনিক কম্পিউটার, লিথোগ্রাফি প্রেস, ইনটাগ্লিও প্রেস, অটোমেটেড ইনটাগ্লিও প্রেস, লিনোকাট মেশিন ও লিনোকাট প্রেস মেশিন, গ্রেইনার মেশিন, ফিউম হুড, লার্জ ফরম্যাট ইকো-সলভেন্ট প্লটার, প্লটার প্রিন্টার এবং লেজার কাটিং ও এনগ্রেভিং মেশিনসহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম।


ডিসিপ্লিন সূত্রে জানা গেছে, উন্নত প্রযুক্তিসম্পন্ন এ ল্যাবগুলো প্রিন্টমেকিং বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং সৃজনশীল উৎকর্ষ সাধনে সহায়ক ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?