শিরোনামঃ

গণমাধ্যমে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব


ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরের ওপর শারীরিক ও মানসিক হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব (ববি প্রেস ক্লাব)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি আরিফ হোসাইন ও সাধারণ সম্পাদক মো. আবু উবাইদা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ববি প্রেস ক্লাব বলেছে, গণমাধ্যমের কার্যালয়ে হামলা এবং দেশের একজন প্রবীণ ও দায়িত্বশীল সম্পাদককে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর সরাসরি ও সুস্পষ্ট আঘাত। এ ধরনের হামলা প্রমাণ করে যে, হামলাকারীরা গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার মৌলিক মূল্যবোধে বিশ্বাসী নয়।

বিবৃতিতে আরও বলা হয়, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয়েছে। গণমাধ্যমকে ভয় দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করার যে অপচেষ্টা চলছে, তা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।

ববি প্রেস ক্লাবের সদস্যরা  বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা এবং নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীরের ওপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন ও ন্যক্কারজনক হামলার বহিঃপ্রকাশ। যারা কলমের শক্তিকে ভয় পায়, তারাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্যকে দমন করা সম্ভব নয়।

বিবৃতিতে অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়—সাংবাদিক, সম্পাদক এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হোক।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?