বরিশালে তরুণদের উদ্যোগে ১৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক বরিশাল : 


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশালে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে একঝাঁক তরুণ-তরুণী। তাদের উদ্যোগে গড়ে ওঠা সামাজিক সংগঠন ইচ্ছে পূরণ ফাউন্ডেশন নগরীর ১৭০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।


সম্প্রতি বরিশাল নগরীর সিস্টার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।


ইচ্ছে পূরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ নুরুল্লাহ সাব্বিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ল কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউনুস মিয়া।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের সামাজিক কার্যক্রম আমাদের সমাজকে আরও মানবিক করে তোলে।


তিনি আরও বলেন, ঈদ আনন্দের উৎসব। কিন্তু সমাজের অনেক মানুষ আর্থিক সংকটের কারণে এই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়াতে তরুণদের এমন উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও ঈদকে সামনে রেখে নগরীর সুবিধাবঞ্চিত পরিবারের তালিকা তৈরি করা হয়। সেই তালিকার ভিত্তিতে ১৭০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, দুধ ও সেমাইসহ প্রয়োজনীয় নিত্যপণ্য। এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো।


সংগঠনের চেয়ারম্যান শরীফ নুরুল্লাহ সাব্বির বলেন, সমাজের অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। তরুণদের নিয়ে আমরা ছোট পরিসরে এই কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।


তিনি আরও জানান, শুধু ঈদ সামগ্রী বিতরণ নয়, ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বিভিন্ন সময় শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং মানবিক সহায়তামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


অনুষ্ঠান শেষে অতিথিরা অসহায় পরিবারগুলোর হাতে ঈদ সামগ্রী তুলে দেন। ঈদের আগে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। স্থানীয়রা বলেন, এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?