শিরোনামঃ

ববি ছাত্রদলের খসড়া তালিকায় ‘ছাত্রলীগ-সংশ্লিষ্টরা’: ক্ষোভে নেতাকর্মীরা



ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি 


বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অভিযোগ—ছাত্রলীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের খসড়া সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটার বানানোর চেষ্টা চলছে। এতে সংগঠনের নিবেদিত কর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।


অভিযোগ অনুযায়ী, যোগ্যতাকে উপেক্ষা করে পক্ষপাতমূলক আচরণ, নিয়মবহির্ভূত ভোটার তালিকা প্রস্তুত এবং বিশেষ সুবিধাভোগীদের সুবিধা দেওয়া হচ্ছে। ফলে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টরা ছাত্রদলের কাঠামোয় ঢুকে পড়তে পারে—এমন আশঙ্কা করছেন ববি ছাত্রদলের দায়িত্বশীল নেতাকর্মীরা।


চলতি বছরের ১১ মে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুনকে ববি শাখার নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।


সূত্র জানায়, নতুন কমিটি গঠনের অংশ হিসেবে ২২ মে প্রথম আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এরপর ২৯ জুলাই থেকে সদস্য ফরম পূরণ শুরু হয় এবং ২৩ সেপ্টেম্বর আয়োজিত হয় ভাইভা। তার আগে ২০২৪ সালের ৮ অক্টোবর পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৬ সালে প্রথম কমিটি হলেও তা পূর্ণাঙ্গ হয় ২০২২ সালে। দীর্ঘ আট বছর পর বিলুপ্ত কমিটির বদলে নতুন কাঠামো তৈরিতে কেন্দ্রীয় নির্দেশনা ছিল—৫ আগস্টের আগে কমপক্ষে পাঁচটি কর্মসূচিতে অংশগ্রহণের প্রমাণ থাকতে হবে; তবে অভিযোগ, বাছাই প্রক্রিয়ায় এই নিয়ম মানা হয়নি।


ববি শাখা ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন বলেন,


> “দুঃসময়ে যারা সংগঠনের পাশে ছিল, তাদের ‘মাইনাস’ করার নীল নকশা চলছে। টাকা-পয়সার জোরে সুবিধাভোগীরা কমিটিতে ঢুকতে চাইছে। এটি দুর্দিনের কর্মীদের প্রতি অবজ্ঞা।”




তিনি দায়িত্বপ্রাপ্ত টিমকে ন্যায্যতা নিশ্চিতের আহ্বান জানান।


সাবেক ক্রীড়া সম্পাদক এমডি সিহাব বলেন,


> “খসড়ায় ২৫৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে কয়েকজনের ছাত্রলীগ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। আমরা অভিযোগ দিয়েছি। কমিটি বলেছে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেবে।”




এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ববি কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত মো. জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বলেন,


> “আমি সুস্থ হলে আপনাদের সঙ্গে কথা বলবো। তখন সব প্রশ্নের জবাব দেবো।”

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?