শিরোনামঃ

আমতলীতে ধানখেতে গৃহবধূকে যৌন হয়রানি ও মারধরের অভিযোগ, গ্রেপ্তার পাশা মোল্লা



সোহাগ হাওলাদার,বরগুনাঃ

বরগুনার আমতলীতে এক গৃহবধূকে যৌন হয়রানি, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় পাশা মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


রোববার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 


জানা যায়, গত ৭ অক্টোবর শনিবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা মো. আনোয়ার মোল্লা বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করেন। 


মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার পাশা মোল্লা একই গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী গৃহবধূর (২৫) শ্বশুরবাড়ির প্রতিবেশী। গৃহবধূর স্বামী মো. আহাদ চৌকিদারের সঙ্গে স্থানীয় কিছু বিষয় নিয়ে পাশা মোল্লার বিরোধ চলছিল। এ নিয়ে পাশা মোল্লা বাদী হয়ে আহাদ চৌকিদারসহ চারজনের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। 


ওই মামলা চলমান থাকাবস্থায় ঘটনার দিন সকালে গৃহবধূ বাড়ির গরুর জন্য ঘাস আনতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে ধানখেতে যান। এ সময় পাশা মোল্লা নিজের জমিতে ঘাস কাটছিলেন। গৃহবধূকে একা পেয়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে হাতে থাকা কোদালের বাঁট দিয়ে তাঁকে মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথার তালু ও কপালে জখম হয়। একপর্যায়ে তাঁকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করা হয়েছে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। 


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাশা মোল্লাকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?