- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ০৩:৫১ পিএম
আজ থেকে মিলবে ভারতের টুরিস্ট ভিসা
দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (টুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। দীর্ঘ অপেক্ষার পর এ সেবা পুনরায় চালু হওয়ায় ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত বৃহস্পতিবার টুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি জানান, পর্যটন ভিসার পাশাপাশি মানবিক কারণে মেডিকেল ভিসাও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব আইভ্যাক কেন্দ্রে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে।
যেভাবে আবেদন করবেন
ভারতের টুরিস্ট ভিসার জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। ভারতের ভিসা পোর্টালে গিয়ে Regular Visa Application নির্বাচন করে দেশ হিসেবে Bangladesh এবং ভিসার ধরন হিসেবে Tourist Visa নির্বাচন করতে হবে।
এরপর পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ এবং ভ্রমণসংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি ওয়েব ফাইল নম্বর (Application ID) পাওয়া যাবে, যা পরবর্তী সব কার্যক্রমে প্রয়োজন হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আপলোড করে আবেদনপত্র প্রিন্ট করে স্বাক্ষর করতে হবে।
যেসব কাগজপত্র প্রয়োজন
ভিসা আবেদনের জন্য প্রয়োজন হবে—
- কমপক্ষে ছয় মাস মেয়াদসম্পন্ন পাসপোর্ট (অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে)
- আগের পাসপোর্ট (যদি থাকে)
- সাম্প্রতিক তোলা রঙিন ছবি
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি
- বর্তমান ঠিকানার প্রমাণপত্র
- পেশাভিত্তিক প্রয়োজনীয় নথি
চাকরিজীবীদের ক্ষেত্রে এনওসি বা অফিসের প্রত্যয়নপত্র, ব্যবসায়ীদের জন্য হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র বা বোনাফাইড সনদ জমা দিতে হবে।
আর্থিক সক্ষমতার প্রমাণ
আবেদনকারীদের গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা পাসপোর্টে কমপক্ষে ১৫০ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অ্যান্ডোর্সমেন্টের প্রমাণ দিতে হবে। বিকল্প হিসেবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপিও গ্রহণযোগ্য।
ফি ও অ্যাপয়েন্টমেন্ট
অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর আইভ্যাকের নির্ধারিত পেমেন্ট পোর্টালের মাধ্যমে প্রসেসিং ফি পরিশোধ করতে হবে। এরপর আইভ্যাকের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের দিন সন্ধ্যা ৬টায় উন্মুক্ত হয়। তবে আবেদনকারীকে বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে সাইন-আপ সম্পন্ন করতে হবে।
আবেদন জমা ও বায়োমেট্রিক
নির্ধারিত দিনে আবেদনপত্র, পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্রে উপস্থিত হতে হবে। সেখানে নথি যাচাইয়ের পর ডিজিটাল ছবি, আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান নেওয়া হবে। আবেদন শেষে একটি রসিদ দেওয়া হবে, যা পাসপোর্ট সংগ্রহের সময় প্রয়োজন হবে।
কত দিনে মিলবে ভিসা
সাধারণত আবেদন জমা দেওয়ার পর কমপক্ষে তিন কার্যদিবসের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে নথি যাচাই বা বিশেষ পরিস্থিতিতে সময় আরও বেশি লাগতে পারে। ভিসা প্রস্তুত হলে আবেদনকারীর মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং নির্ধারিত সময়ে আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
ভারতীয় কর্তৃপক্ষ আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর তথ্য সংশোধনের সুযোগ থাকে না। তাই আবেদন চূড়ান্ত করার আগে নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বরসহ সব তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে...
-
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর উপজেলা প্রতি নিধি পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন...
-
বরিশাল: দক্ষিণাঞ্চলের মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মৌলিক সেবায় প্রবেশাধিকার নিশ্চিত, টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণ এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদারের লক্ষ্যে বরিশালে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!