শিরোনামঃ

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তাহীনতায় দুই ভাই


সোহাগ হাওলাদার, বরগুনাঃ

বরগুনায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শুভাশ চন্দ্র ঘোষ। একই সঙ্গে নিজেদের জমি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 


সোমবার (১৪ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাবের হলরুমে রাত আটটার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুভাশ চন্দ্র ঘোষ বলেন, তিনি বরগুনার ঐতিহ্যবাহী জ্ঞান রঞ্জন ঘোষ পরিবারের উত্তরসূরি। পূর্বপুরুষের সূত্রে বরগুনা শহরের খাকদোন নদীর উত্তর পাড়ের বড় গৌরীচন্না মৌজায় বিভিন্ন খতিয়ানে তাদের প্রায় ৯ একর রেকর্ডীয় জমি রয়েছে। প্রায় ৩৫ বছর ধরে ওই জমিতে তারা ইটভাটার ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি দুই ভাই শারীরিক অসুস্থতার কারণে ইটভাটার ব্যবসা বন্ধ করে ওই জমিতে হাউজিং ব্যবসা শুরু করেছেন বলে জানান তিনি।


লিখিত বক্তব্যে শুভাশ চন্দ্র ঘোষ অভিযোগ করেন, বিপ্লব বিশ্বাস, কালাম (তথাকথিত মেম্বার), সেন্টু সোনাখালী, ডলার, লিমন, আসাদ সবুজ, হারুন মাস্টার ও আব্বাস গং তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জমি দখলের চেষ্টা এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 


তিনি আরও বলেন, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের জমিতে প্রবেশ করে। এ সময় নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে জমি থেকে মাটি কেটে দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে প্রকল্পের নিরাপত্তাকর্মীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে বরগুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান শুভাশ চন্দ্র ঘোষ। 


শুভাশ চন্দ্র ঘোষের দাবি, এসব ঘটনায় তিনি ও তার ভাই বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাদের জমি দখল ও শারীরিকভাবে ক্ষতি করার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। 


সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে ঘটনার সত্যতা অনুসন্ধান করে বিষয়টি জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 


এ সময় বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?