জলেভাসা মান্তাদের সেবায় সমন্বিত উদ্যোগ বাড়ানোর তাগিদ

নদীকে ঘিরে জীবন-জীবিকা গড়ে ওঠা মান্তা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। এই জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


মান্তা জনগোষ্ঠীকে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধার আওতায় আনার লক্ষ্যে পরিচালিত মান্তাকানেক্ট প্রকল্পের উপদেষ্টা কমিটির ত্রৈমাসিক সভায় এ আহ্বান জানানো হয়।


মঙ্গলবার (২৫ আগস্ট) বরিশালের ৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের এ আর খান ইসলামিক একাডেমি'র সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ। সভায় প্রধান অতিথি ছিলেন টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মান্তাকানেক্ট প্রকল্পের উপদেষ্টা কমিটির সভাপতি নাদিরা রহমান।


সভায় উপদেষ্টা কমিটির সদস্য, মান্তা পরিচালনা কমিটির প্রতিনিধি, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্টরা অংশ নেন। উপস্থিত ছিলেন ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সভায় মান্তাকানেক্ট প্রকল্পের আওতায় এ পর্যন্ত বাস্তবায়িত কার্যক্রম, অর্জন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মান্তাদের স্বাস্থ্যসেবা, আর্থিক অন্তর্ভুক্তি, সামাজিক সুরক্ষা ও সরকারি সেবার সঙ্গে যুক্ত করার উদ্যোগ আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


প্রধান অতিথির বক্তব্যে নাদিরা রহমান বলেন, “মান্তা জনগোষ্ঠীর দীর্ঘদিনের একটি দাবি ছিল মৃত্যুর পর দাফনের জন্য নির্দিষ্ট জায়গা। মান্তাকানেক্ট প্রকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমরা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পেরেছি।" তিনি আরো জানান, "মান্তাদের জন্য ইতোমধ্যে সরকারি উদ্যোগে কবরস্থানের জমির ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও মান্তাদের জীবনমান উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে উপদেষ্টা কমিটি সর্বোচ্চভাবে কাজ করে যাবে।”


মান্তা উন্নয়ন কমিটির সভাপতি জসিম সর্দার বলেন, “মান্তা জনগোষ্ঠীর প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় প্রবেশাধিকার বাড়াতে স্থানীয় পর্যায়ে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মান্তাদের সমস্যা ও প্রয়োজনগুলো বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে আমাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন আসবে।”


ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন, “মান্তা জনগোষ্ঠীর জন্য টেকসই পরিবর্তন আনতে শুধু প্রকল্পভিত্তিক কার্যক্রম যথেষ্ট নয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মান্তা জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”


তিনি আরওউল্লেখ করেন, “উপদেষ্টা কমিটি এই সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ইতোমধ্যে স্বাস্থ্যসেবা, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মান্তাদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে সরকারি সেবা ও অন্যান্য সুযোগ-সুবিধায় তাদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে।”


সভায় উপদেষ্টা কমিটির সদস্য  শুভ এর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা, সেইন্ট বাংলাদেশের সিরাজুল ইসলাম, চ্যানেল আই প্রতিনিধি সাঈদ পান্থ, মাই টিভি প্রতিনিধি পারভেজ রাসেল মান্তা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, প্রকল্পের অগ্রগতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে মতামত দেন। তারা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও আর্থিক সুযোগ-সুবিধায় মান্তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।


সভা শেষে আগামী তিন মাসের জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী মান্তাদের বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত করা, সরকারি সুযোগ-সুবিধায় প্রবেশাধিকার বাড়ানো এবং তাদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?