শিরোনামঃ

গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ



গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:


গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের গৃহবধু বিলকিস বেগমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। 



অবরোধের ফলে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় গৌরনদী বাসস্ট্যান্ডস্থ কলেজগেটের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। 



প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন নিহতের বাবা সাত্তার বেপারী, ভাই খোকন বেপারী, ভাবি ইয়াসমিন বেগম, স্থানীয় কবির হোসেন সহ অন্যান্যরা। 



এসময় বক্তারা বলেন, যৌতুকের দাবীতে দীর্ঘদিন যাবত বিলকিসের ওপর অত্যাচার-নির্যাতন করে আসছিলো স্বামী মাইনুল গাজী। সর্বশেষ গত সোমবার রাতে বিলকিসকে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এঘটনায় থানায় মামলা করতে গেলেও মামলা নেইনি পুলিশ। যে কারনে মানববন্ধন ও সড়ক অবরোধ করতে বাধ্য হচ্ছি। আমরা বিলকিস হত্যার বিচার চাই। 



এবিষয়ে অভিযুক্ত মাইনুল ইসলামের বক্তব্য পাওনা না গেলেও তার বাবা আলতাফ গাজী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন-আমার ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে মনোমালিন্যের জেরধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পুত্রবধু বিলকিস।



গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-সড়ক অবরোধের খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। 



তিনি আরও বলেন-গৃহবধু নিহতের ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজুর পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 



উল্লেখ্য গত মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে ওই গ্রামের মাইনুল গাজীর স্ত্রী ও তিন সন্তানের জননী বিলকিস বেগমের (৩২) লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?