শিরোনামঃ

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত-২, আহত-২৫




নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে দু'টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।


আজ শুক্রবার (০৫ জুন) ভোর রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খাঁন দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন-পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আমিরবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার আব্দুল সামাদের ছেলে কালাম।


ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খাঁন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদি ব্রিজে ধাক্কা দেয়। এসময় একই দিক থেকে আসা হিমালয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে সজোড়ে ধাকা দিলে দু'টি বাসের কমপক্ষে ২৭ জন আহত হয়।


পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অমিতাভ হাওলাদার ও কালামকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


তিনি আরো জানান, দূর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে দূর্ঘটনাকবলিত বাস দুটি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহের ময়নাতদন্ত শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?