শিরোনামঃ

গোপালগঞ্জে ১ হাজার ৩’শ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এক হাজার তিন’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।


আজ রবিবার (২৮ জুন) বিকেল ৩টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কৃষি বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। পরে উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার, ফলজ ও ঔষধি চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিএডিসি ও হর্টিকালচার সেন্টার কর্তৃক সরবরাহকৃত কৃষি উপকরণ উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রস্তুতকৃত অগ্রাধিকার তালিকার ভিত্তিতে বিতরণ করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় সাত’শ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়া  ছয়’শ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ হাজার চার’শটি ফলজ ও ঔষধি চারা, রাসায়নিক সার, জৈব সার (গোবর সার) এবং সবজি চাষের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম বলেন, সরকারের কৃষিবান্ধব এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক কারিগরি সহায়তা প্রদান অব্যাহত রাখবেন।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তিনি কৃষকদের সঠিকভাবে বিতরণকৃত উপকরণ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?