শিরোনামঃ

এলএলবিতে দেশসেরা  গৌরনদীর জান্নাতুল


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এলএলবি শেষপর্ব (২০২৩) পরীক্ষায় সারাদেশের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম শ্রেণিতে প্রথমস্থান অধিকার করেছেন বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা এবং বরিশাল ল’ কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, জান্নাতুল ফেরদৌসের জন্ম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম গ্রামে। তাঁর বাবা মো. লালু বিশ্বাস, মা সুফিয়া খাতুন। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। প্রায় এক যুগ আগে স্বামী মনিরুল ইসলাম খানের চাকরির সুবাদে গৌরনদীতে বসবাস শুরু করেন জান্নাতুল ফেরদৌস। বর্তমানে তিনি বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার বাসিন্দা। সেখানে তিনি একটি ইংলিশ কোচিং সেন্টার পরিচালনার পাশাপাশি বরিশাল ল’ কলেজে ভর্তি হয়ে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন।

কলেজ সূত্রে জানা গেছে, সারাদেশে মোট ৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী ছিলো। এরমধ্যে বরিশাল ল’ কলেজ থেকে ২৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তারমধ্যে ২৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন জান্নাতুল ফেরদৌস এবং দ্বিতীয় বিভাগে ১৭৭ জন এবং তৃতীয় বিভাগে ৭৫ জন পাস করেছেন।

বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল ল’ কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা জামাল খোকন বলেন, গত ২৪ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইডে ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষন করে আমরা জানতে পারি আমাদের কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস এলএলবিতে দেশসেরা হয়েছে। তিনি আরও বলেন, কলেজটির ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। এটা কলেজের জন্য একটি ঐতিহাসিক অর্জন। তার সাফল্যে আমরা গর্বিত।

নিজের সাফল্যের বিষয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। এই অর্জনের কৃতিত্ব আমার বাবা-মা ও স্বামীর। ছোটবেলা থেকে মা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। স্বামীও সবসময় পাশে ছিলেন। বিশেষ করে বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক এস. এম. মাহফুজ আলম স্যারের অনুপ্রেরণায় আমার আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ তৈরি হয়। তিনি আরও বলেন, আমাদের কলেজের শিক্ষকরা অত্যন্ত পরিশ্রমী। তাঁরা নিজ হাতে নোট তৈরি করে শিক্ষার্থীদের দেন এবং আইনের ধারাগুলো বিস্তারিতভাবে পড়ান। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে আমাদের জুনিয়ররা আরও ভালো ফলাফল করবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?