শিরোনামঃ

চরফ্যাশনে ব্যবসায়ী হাসনাইন ও খায়রুলের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেন্টার বাজার এলাকায় বাজার ব্যবসায়ী ও সমাজসেবক মো. হাসনাইন এবং খায়রুল মৃধার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (১৪সেপ্টেম্বর) আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, স্কুলশিক্ষিকা রাজিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাসনাইন ও খায়রুলের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মো. হাসনাইন দীর্ঘদিন ধরে সেন্টার বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। পাশাপাশি তিনি এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে থাকেন। সম্প্রতি সোহাগ নামে এক শ্রমিকের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে হাসনাইন প্রতিবাদ করায় তাঁর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।

তাঁদের অভিযোগ, অসহায় শ্রমিকের পক্ষে অবস্থান নেওয়ায় হাসনাইনকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাঁরা মামলার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের দাবির পক্ষে সোচ্চার হন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?