ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকার কাছে হেরেছে বাংলাদেশ




শাকিব উল হক


নিজস্ব প্রতিনিধি



এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগাররা।


শনিবার আবু ধাবিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম দুই ওভারে ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে বিদায় নিলে দল পড়ে বড় চাপে। ১১ রানে তাওহিদ হৃদয় রানআউট হয়ে ফেরেন। অধিনায়ক লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়লেও ২৬ বলে ২৮ রানের বেশি করতে পারেননি।


দশম ওভারেই ৫৩ রানে অর্ধেক উইকেট হারিয়ে বাংলাদেশ ছিল মহাবিপদে। তবে জাকের আলি ও শামীম পাটোয়ারীর জুটিতে ঘুরে দাঁড়ায় দল। দু’জনের ৬১ বলে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তোলে। জাকের অপরাজিত থাকেন ৪১ রানে এবং শামীম ৪২ রানে। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। শ্রীলংকার হাসারাঙ্গা নেন ২ উইকেট।


লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারেই কুশাল মেন্ডিসকে মুস্তাফিজ ফিরিয়ে দিলেও এরপর আর সুবিধা করতে পারেনি বাংলাদেশ। পাথুম নিশাঙ্কা (৩৪ বলে ৫০) ও কামিল মিশারার (৩২ বলে ৪৬) ঝড়ো জুটিতে জয় নিশ্চিত হয় শ্রীলংকার। পরে কুশাল পেরেরা (৯) ও দাসুন শানাকা (১) সস্তায় ফিরলেও অধিনায়ক আসালঙ্কা অপরাজিত থাকেন ১০ রানে।


বাংলাদেশের হয়ে মাহেদি হাসান ২টি এবং মুস্তাফিজ-তানজিম একটি করে উইকেট নেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?