শিরোনামঃ

বরিশালে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি: ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা



সাকিব উল হক

বরিশাল প্রতিনিধি 


বরিশাল নগরীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নগরীর ১৮নং ওয়ার্ড এলাকায় অবস্থিত “মেসার্স বরকত এন্ড জেনারেল স্টোর” নামক এলপিজি ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা প্রদান করে এনএসআই বরিশাল জেলা কার্যালয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম পর্যবেক্ষণ করার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্রেতা সেজে গ্যাস ক্রয়ের সময় নিশ্চিত হন যে, প্রতিষ্ঠানটি সান ও বেঙ্গল কোম্পানির আমদানিকৃত এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ১৭০ থেকে ১৮০ টাকা বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানটিতে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি।

এ সকল অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রবিউল ইসলামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রাণী মিত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?