শিরোনামঃ

বরিশালে কীর্তনখোলা নদীর বাঁধ ঘেঁষে ভবন নির্মাণে বৈধতা নিয়ে প্রশ্ন


নিজস্ব প্রতিবেদক 

বরিশাল 


বরিশাল কীর্তনখোলা নদীর ত্রিশ গোডাউন এলাকার ফোরশোর ও শহর রক্ষা বাঁধ ঘেঁষে পাকা ভবন নির্মাণকে ঘিরে আইনগত বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয় ঠিকাদার মো. মতিয়ার রহমান (ট্রাঙ্ক মতি) বিম, কলাম ও ছাদ


ঢালাইয়ের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই এলাকায় আরও অর্ধশতাধিক ব্যক্তি ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।


বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর লিংকন বায়েন বলেন, জোয়ারের পানির সীমানা থেকে ২০ মিটারের মধ্যে স্থায়ী স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয়। 


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর মো. রফিকুল আলমও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। 


প্রাথমিক তথ্যে জানা যায়, ৮০’র দশকে ডিসি অফিসের কার্ডের মাধ্যমে বরাদ্দ জমি পরবর্তীতে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বর্তমানে মো. মতিয়ার রহমানের নামে রেকর্ডভুক্ত হয়। তিনি ২০২৫ সালের আগস্টে নির্মাণকাজ শুরু করেন।


বিআইডব্লিউটিএ’র নদীবন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, জমির মালিকানা রেকর্ড অনুযায়ী হলেও নদী সংক্রান্ত জরিপ চলমান রয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, রেকর্ডীয় মালিকানা থাকলেও নির্মাণ বৈধ কি না তা অন্য দপ্তরের বিষয়। ইউএনও মোছাঃ ফরিদা সুলতানা জানান, তথ্য যাচাই ছাড়া মন্তব্য করা যাচ্ছে না।


জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ রয়েছে।


পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ জানান, সরেজমিন পরিদর্শনের পর বিষয়টি পরিবেশ আইনের আওতায় পড়ে কি না বলা যাবে।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, এলাকাটি একসময় কীর্তনখোলা নদীর বাঁধ ছিল, বর্তমানে অনেক অংশে রেকর্ড পরিবর্তন হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা দরকার।


ঘটনাস্থলে গিয়ে ঠিকাদার মো. মতিয়ার রহমানকে পাওয়া যায়নি। তার ছেলে অন্তর জানান, সব নির্মাণ কার্যক্রম বৈধ এবং দপ্তরের অনুমোদন রয়েছে।


পরিবেশ আইন, পানি আইন ও ইমারত নির্মাণ আইন অনুযায়ী নদীর ফোরশোর এলাকায় অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ নিষিদ্ধ—এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?