বরিশালে ঝুঁকিপূর্ণ ২০ শিশুকে শিক্ষাবৃত্তি প্রদান

বরিশালে ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা জীবনের নিরাপত্তাবলয় শক্তিশালীকরণ ও তাদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক সমাবেশ ও শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর বরিশালে জেলা শিশু সুরক্ষা কমিটি ও রূপান্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শিশু সুরক্ষা কমিটির জ্যেষ্ঠ সদস্য ও উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর বরিশালের পরিচালক শাহ্ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর বরিশালের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ।

অনুষ্ঠানে বরিশাল জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ঝুঁকিপূর্ণ ২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা অভিভাবকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা কার্যক্রমে ধরে রাখা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষা জীবনে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় বক্তব্য দেন নারীনেত্রী ও শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, পুষ্প চক্রবর্তী, সাংবাদিক সুশান্ত ঘোষ, অ্যাডভোকেট সাহিদা তালুকদার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাপিয়া জেসমিন, উন্নয়নকর্মী আশফাকুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু সুরক্ষা কমিটির সদস্য অ্যাডভোকেট সুভাষ দাস। স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী।

উল্লেখ্য, শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিশুরা ‘অভ্যন্তরীণ পাচার ও বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ’ প্রকল্পের সঙ্গে সংযুক্ত।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?