শিরোনামঃ

বরিশালে ৩০ তরুণকে নিয়ে আভাসের ‘স্বাধীনতা বুটক্যাম্প’

দলগত কাজ ও বাস্তবমুখী ডিজিটাল দক্ষতা অর্জনের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতা বুটক্যাম্প’। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টায় বরিশাল বিডিএস মিলনায়তনে বরিশাল বিভাগের ছয় জেলার ৩০ জন তরুণকে নিয়ে দিনব্যাপী এ বুটক্যাম্পের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস।

বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য ছিল ব্যবহারিক ও অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম। এর মধ্যে ‘গুজব গোয়েন্দা চ্যালেঞ্জ’ ছিল অন্যতম আকর্ষণ। দলভিত্তিক এ কার্যক্রমে তরুণরা বিভিন্ন অনলাইন দাবি যাচাই করেন, সন্দেহজনক তথ্য শনাক্তের কারণ নিয়ে আলোচনা করেন এবং তথ্য শেয়ার করার আগে ফ্যাক্ট-চেকের বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে অনুশীলন করেন। এর মাধ্যমে ফ্যাক্ট-চেকিংয়ের পাশাপাশি দলগত কাজ ও যৌথ সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘ফোন সেফটি ক্লিনিক’ সেশনে অংশগ্রহণকারীরা নিজেদের ফোন, অনলাইন অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা জোরদারের সহজ ও কার্যকর উপায় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

বুটক্যাম্পে প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা (TFGBV) মোকাবিলায় সহায়তার নিয়মাবলি বা Referral Pathway নিয়েও আলোচনা করা হয়। অনলাইনে হয়রানি বা ক্ষতির শিকার হলে কীভাবে নিরাপদে ব্যবস্থা নিতে হবে, কীভাবে প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করতে হবে এবং ভুক্তভোগীকে যথাযথ সহায়তার সঙ্গে যুক্ত করতে হবে—এসব বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

দিনব্যাপী কার্যক্রমের শেষ পর্যায়ে তরুণরা বুটক্যাম্প থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে কীভাবে কাজে লাগাবেন, সে বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। শেখার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির বিভিন্ন বিষয়ও অনুষ্ঠানে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, নারী ও শিশু ডেস্কের এএসআই রুমা পারভীন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি নাসরিন নাহার, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি মনজুরুল আলম ও লাইসা মাহমুদ হেমা।

এ ছাড়া আভাসের ভারপ্রাপ্ত পরিচালক মো. শহীদুল ইসলাম ও ডেপুটি পরিচালক জান্নাতুল নাইম ঐশিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নেতৃত্বে ‘Freedom of Expression for Digital Democracy (FREEDOM)’—‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় এ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। বিভাগীয় উইমেনস রাইটস অর্গানাইজেশন পার্টনারদের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে মানুষের জন্য ফাউন্ডেশন (MJF)।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?