বরিশাল বিভাগে ২৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে


 

বরিশাল, ১৮ ভাদ্র (০২ সেপ্টেম্বর): 

বরিশাল বিভাগে ২৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। তন্মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৯৭ হাজার টিকা প্রদান করা হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সিটি কর্পোরেশন পর্যায়ে ডাক্তার ও নার্সদের এইএফআই সার্ভিলেন্স ট্রেনিং ও রিওয়ন্টেশন সভায় এ তথ্য জানানো হয়। 


সভাটি আজ (মঙ্গলবার) সকালে সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। 

প্রধান অতিথির বক্তৃতায় সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে টিকা পাওয়ার যোগ্য সকলকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে। এসময় তিনি সিটি কর্পোরেশন এলাকায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। 

সভায় জানানো হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এবছর সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৯৭ হাজার। তন্মধ্যে স্কুল পর্যায়ে ৬৫ হাজার এবং কমিউনিটি পর্যায়ে ৩২ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনা হবে। প্রথমে ১২ সেপ্টেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু হয়ে তা  ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রসমূহে এবং পরবর্তীতে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। 

সভায় আরও জানানো হয়, টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমি ভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। তবে এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। এসময় খালি পেটে কাউকে টিকাগ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খন্দকার মঞ্জুরুল ইমাম সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ একেএম মশিউল মুনীর উপস্থিত ছিলেন। এসময় ডাক্তার, নার্স ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। 

=০=০=


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?