শিরোনামঃ

বরগুনার ​বামনায় বসতঘরে ভয়াবহ আগুন: ৩ বছরের শিশুর মৃত্যু, বাবা মৃত্যুশয্যায়


​স্টাফ রিপোর্টার:

 বরগুনার বামনায় বসতঘরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আকাশ নামে ৩ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবাও মারাত্মকভাবে দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

​গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার রামনা ইউনিয়নের বলইবুনিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

​ঘটনার বিবরণ ও ক্ষয়ক্ষতি স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই গ্রামের কবির হোসেনের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বামনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘরটি আসবাবপত্রসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

​আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত শিশুটির দাদা কবির হোসেন গাছ কাটার ‘চেইন স’ মেশিন চালানোর জন্য ঘরে বোতলে করে পেট্রোল ও ডিজেল মজুত রাখতেন। ঘটনার সময় শিশুটির বাবা রাজিব (২৫) একটি বোতল থেকে অন্য বোতলে পেট্রোল ঢালছিলেন। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে ঘরে আগুন ধরে যায়।

​হতাহতের বিবরণ আগুন ছড়িয়ে পড়লে রাজিব আত্মরক্ষার্থে পাশের পুকুরে ঝাঁপ দিলেও তার সাথে থাকা শিশু সন্তান আকাশ (৩) ঘর থেকে বের হতে পারেনি। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির শরীরের প্রায় ৯৫ শতাংশ এবং তার বাবার ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন মধ্যরাতেই শিশু আকাশ মারা যায়। বর্তমানে তার বাবা রাজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে, তার অবস্থাও সংকটাপন্ন।

​ বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন খান জানান, বরিশাল থেকে শিশুটির সুরতহাল সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​বামনা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মো. আল আমীন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা দগ্ধদের হাসপাতালে নিয়ে যায়। আগুনের সঠিক কারণ নির্ণয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

​এদিকে, একমাত্র শিশু সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে। এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা বলইবুনিয়া গ্রাম ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?