শিরোনামঃ

৫ সন্তানের জনককে গলা টিপে হত্যা, স্ত্রী ও গৃহকর্মী আটক



মাসুদ রেজা ফয়সালঃ

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামে পাঁচ সন্তানের জনক মো. আবদুল জলিল (৪৫) কে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও পরকীয়া প্রেমিক আল আমিন (৩০) কে পুলিশ আটক করেছে।

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


 জিজ্ঞাসাবাদে আটক নাজমা বেগম ও আল আমিন হত্যার দায় স্বীকার করেছেন। নাজমা বেগম জানান, তার স্বামী প্রায়ই তাকে ও সন্তানদের মারধর করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে রবিবার বিকেল ৩টার দিকে স্বামী ঘুমন্ত অবস্থায় তার গলা টিপে ধরে এবং আল আমিন পা চেপে ধরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর, বিকেল ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী আবদুল জলিল সৌদি আরব থেকে ১৫ দিন আগে দেশে ফেরেন। একই গ্রামের আবু খতিবের ছেলে আল আমিন প্রায় পাঁচ বছর ধরে তাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। স্বামী প্রবাসে থাকার সুযোগে আল আমিনের সঙ্গে নাজমা বেগমের পরকীয়া সম্পর্কের সৃষ্টি হয়। জলিল বিষয়টি জানতে পারলে পরিকল্পিতভাবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করা হয়।


খবর পেয়ে বামনা থানা পুলিশ রাত ৭টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


বামনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন জানান, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও গৃহকর্মী আল আমিনকে আটক করা হয়েছে। আজ সকালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”


 

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?