নতুন বছরে গোবিপ্রবি শিক্ষার্থীদের "ক্যাম্পাস ভাবনা"
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধি :শিক্ষাজীবনে শিক্ষার্থীদের কত কিছুই ভাবনা আসে! আর তা যদি হয় নিজস্ব বিশ্ববিদ্যালয় ক্যম্পাস নিয়ে, তাহলে তো ভাবনার শেষ নেই! নতুন বছরে নতুন উদ্যমে শিক্ষার্থীদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান আঙিনাকে ঘিরে কতই না স্বপ্ন থাকে ।নতুন বছরে সেই প্রাণের ক্যম্পাস ঘিরে গোবিপ্রবি শিক্ষার্থীদের চমকপ্রদ ভাবনা এবং প্রত্যাশা গুলো তুলে ধরেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রতিনিধি আব্দুল্লাহ আর রাফি
আসসালামু আলাইকুম।
২০২৫ এত ঘটনাবহুল একটা বছর ছিল যে কোন দিক দিয়ে শেষ হয়ে গেল বোঝার ফুরসতই পেলাম না। আর যেহেতু সময় বসে থাকার পাত্র নয়, তাই ক্যালেন্ডারে পরিবর্তন এনে ২০২৬-কে নিয়ে ভাবতেই হচ্ছে। খেয়াল করলাম শত ভাবনার মধ্যে নিজের ক্যাম্পাস নিয়ে ভাবনাগুলোও উঁকি দিচ্ছে।
নতুন বছরে আমার প্রথম প্রত্যাশা একটি "পরিচ্ছন্ন ক্যাম্পাস"।
হোক সেটা শিক্ষার পরিবেশে পরিচ্ছন্নতা , হোক সেটা প্রশাসনিক পরিচ্ছন্নতা, হোক সেটা সুস্থ সাংস্কৃতিক চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের বিকাশের সুযোগ, শিক্ষার্থীদের রাজনৈতিক সহাবস্থান, শিক্ষকদের উদার মানসিকতা কিংবা আক্ষরিক অর্থেই ময়লা আবর্জনা মুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস!
ভাবনাকে বাস্তবে রুপ দিতে দরকার প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। আর এখানেই উঠে আসে নতুন বছরে আমার দ্বিতীয় প্রত্যাশা ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়িত হতে দেখা।
সবশেষে নতুন বছরে ভালো থাকুক আমার গোবিপ্রবি আর সুন্দর একটা অডিটোরিয়াম চাই!
ফারিহা নওরিন
মনোবিজ্ঞান বিভাগ
অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি ক্যাম্পাসের স্বপ্ন দেখেছি যে ক্যাম্পাস হবে ফ্যাসিবাদ মুক্ত, তথাকথিত রাজনীতির নামে আবাসিক হলে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, মাদকের আড্ডাখানা এগুলো থাকবে না। কিন্তু লক্ষ্য করা যায় অভ্যুত্থান পরবর্তী সময়ে এখনো পর্যন্ত এসকল কর্মকাণ্ড থেকে ক্যাম্পাসগুলোকে সম্পূর্ণভাবে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে ক্যাম্পাস প্রশাসন ও সচেতন শিক্ষার্থীরা। নতুন বছরে এমন একটি ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখি যেখানে ফ্যাসিবাদের দোসরদের ছায়া দেখা যাবে না । ক্যাম্পাসগুলোতে তথাকথিত রাজনৈতিক সংগঠন দ্বারা আবাসিক হলে ছাত্র-ছাত্রীদের রেগিং, আবাসিক হলে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, জোর করে শিক্ষার্থীদের কে রাজনৈতিক মিছিলে নেওয়া ইত্যদি অনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। নতুন বছর থেকে ক্যাম্পাস গুলোতে সেশন জোট নিরসনের মাধ্যমে শিক্ষার সঠিক মান নিয়ন্ত্রণ হবে। ডিজিটাল ক্লাসরুম, স্মার্ট লার্নিং সিস্টেম ও প্রযুক্তিনির্ভর পাঠদান ব্যবস্থা চালু হলে শিক্ষার মান আরও যুগোপযোগী হবে। একটি সমন্বিত স্টুডেন্ট পোর্টাল চালু হলে ভর্তি কার্যক্রম, ফি পরিশোধ, ফলাফল, নোটিশ ও অন্যান্য একাডেমিক সেবা আরও সহজ ও স্বচ্ছ হবে।
২০২৬ সালে আমরা চাই নিয়মিত ক্লাস, ন্যায্য পরীক্ষা ব্যবস্থা এবং নিরাপদ ক্যাম্পাস পরিবেশ। বিশেষ করে, ছাত্রীদের জন্য আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।
সর্বোপরি প্রত্যাশা করি, ২০২৬ সালের ক্যাম্পাস হোক শিক্ষার্থীদের গবেষণার কেন্দ্র বিন্দু ও রাজনৈতিক সহিষ্ণুতা মুক্ত।
-আজিজুর রহমান শান্ত
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
নতুন বছরে নতুন ভাবে ক্যাম্পাস কে উজ্জীবিত করার জন্য আমার মনে হয়
প্রথমত, বাঁধন চত্বর থেকে আইন চত্ত্বর পর্যন্ত যে রাস্তাটি আছে সেটি সংস্কার প্রয়োজন। বর্ষাকালে এই রাস্তাতে অনেক পানি জমে থাকে যার কারণে শিক্ষার্থীদের প্রচুর ভোগান্তি ও বিপত্তির সম্মুখীন হতে হয়। বৃষ্টির পানি যাতে জমে না থাকে ড্রেনের ব্যবস্থা করে নিষ্কাশন ব্যবস্থা নেওয়া উচিত।
দ্বিতীয়তঃ নিউমার্কেটের পেছনে যে জায়গা গুলো খালি রয়েছে সেসব জায়গা পরিষ্কার করে দোকানপাটগুলোকে পেছনে সরানো উচিত যাতে সামনে জায়গাগুলো ফাঁকা হয় এবং নিউমার্কেটের রাস্তা প্রশস্ত হবে এবং শিক্ষার্থীর চলাচলে সুবিধা হবে।
-ইয়াসিন আলী নাইস
আইন বিভাগ
আসসালামু আলাইকুম। নতুন বছরে হিম শুভেচ্ছা সবাইকে। স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের জীবনে বিশ্ববিদ্যালয় নিজ বাড়ির সমপর্যায় মনে করা হয়! আমরা যেমন নতুন বছরে নিজেদের বাড়িকে নতুন ভাবে সাজানো দেখতে চাই, বিশ্ববিদ্যালয়কেও অতীত সমস্যা থেকে বেরিয়ে এসে নয়া দিগন্তে উন্মোচিত হতে দেখতে চাই। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নাম যেন দেশের প্রত্যেক প্রান্তে ছড়িয়ে যায়। এর জন্য শুধু প্রশাসন নয়, বরং আমাদের সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সেশনজট নিরসন, হলের খাবার এর মানোন্নয়ন, দোকান সমূহে ন্যায্য দাম নিশ্চিত, ক্যাম্পাসকে প্রকৃত শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলা, শৃঙ্খলা নিশ্চিতকরণ সহ প্রশাসন এর যেমন আরও অনেক দায়িত্ব রয়েছে, তেমনভাবেই শিক্ষার্থীদেরও দায়িত্ব অনেক বেশি। তাদেরকে হতে হবে আরও আন্তরিক, পরমতসহিষ্ণুতাপ্রবণ, সকল বিভাগের প্রতি সম্মান, ক্যাম্পাস নীতিমালা ও শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থী অধিকার সম্পর্কে সজাগ থাকা, নিজ নিজ উদ্যোগে ক্যাম্পাসকে সাজিয়ে তোলা, প্রাণবন্ত করে তোলা। সর্বোপরি নতুন বছরে সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় শিক্ষা, সংস্কৃতি, শৃঙ্খলায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আদর্শ!
-মো:রেদোয়ান ইসলাম সিয়াম
অর্থনীতি বিভাগ