শিরোনামঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু  বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান উপাচার্যের



খুবি প্রতিনিধি : সৈয়দ জাওয়াদ হোসেন সামি 


খুলনা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ ১১ জানুয়ারি (রবিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ব্যক্তিগত চাহিদা ও সুবিধার ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থে কাজ করাই একজন শিক্ষকের মূল দায়িত্ব। খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন অর্জনে নবীন শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, এ জন্য অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বিএনকিউএফ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন শিক্ষাব্যবস্থা ও সিস্টেমে নিজেদের মানিয়ে নেওয়ার পাশাপাশি মুক্ত চিন্তা ও প্রগতিশীল চেতনা নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে আইন-কানুন, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, অত্যন্ত স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নবীন শিক্ষকরা নিয়োগ পেয়েছেন। মেধা ও দক্ষতার যথাযথ প্রয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

আরেক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। তিনি বলেন, নবীন শিক্ষকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়। নির্ধারিত কাঠামোগত ফ্রেমওয়ার্কের ভেতরে থেকে দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। যোগ্যতা ও মেধার ভিত্তিতে শিক্ষকতা পেশায় আসার মর্যাদা রক্ষা করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। এ সময় নবীন শিক্ষকদের ভবিষ্যৎ পেশাগত জীবনের সাফল্য কামনা করেন ট্রেজারার।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রিসোর্স পারসন হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ‘উচ্চশিক্ষায় শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে পেশাগত জ্ঞান’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন। এছাড়া আউটকাম বেজড এডুকেশন ও কারিকুলাম ডেভেলপমেন্ট বিষয়ে পৃথক সেশন উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে সদ্য যোগদানকৃত প্রভাষকরা অংশগ্রহণ করছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?