শিরোনামঃ

আজ শুরু এসএসসি পরীক্ষা, বরিশাল বোর্ডে ৮১ হাজারের বেশি পরীক্ষার্থী


সাকিব উল হক 

নিজস্ব প্রতিনিধি 


আজ মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবছর মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে।


এর মধ্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। নিয়মিত পরীক্ষার্থী ৬২ হাজার ৯ জন, আর অনিয়মিত ১৯ হাজার ৮২২ জন।


বোর্ড তথ্য অনুযায়ী, ১ হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে গঠন করা হয়েছে ৮০টি ভিজিলেন্স টিম, প্রতিটি টিমে রয়েছেন দুইজন সদস্য। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ১০ সদস্যের বিশেষ তদারকি দল কাজ করছে এবং বোর্ড চেয়ারম্যান প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিদর্শন করবেন।


জেলাভিত্তিক হিসাবে বরিশালে ২৬ হাজার ৫২৯ জন, ভোলায় ১৪ হাজার ৫৬৭ জন, পটুয়াখালীতে ১৫ হাজার ৭৩৯ জন, বরগুনায় ৮ হাজার ৮৭৫৪ জন, পিরোজপুরে ১০ হাজার ২৬৮ জন এবং ঝালকাঠিতে ৫ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।


সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী  জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি ও মনিটরিং জোরদার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা সাইবার অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তিনি।


তবে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে অনেক পরীক্ষার্থীর প্রস্তুতি ব্যাহত হওয়ার শংকা থাকার বিষয়ে কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?