যবিপ্রবি ফিশারিজ ক্লাবের নেতৃত্বে আখতারুজ্জামান ও ফিরোজ


রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধি:


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগে উৎসবমুখর পরিবেশে ফিশারিজ ক্লাব নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  মো: আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফিরোজ হোসেন। 


মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, সহকারী নির্বাচন কমিশনার ড. মঞ্জুরুল হক, ড. মো. আবদুস সামাদ ও ড. প্রিয়ঙ্কা পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।


ক্লাবের বাকি সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিব কায়সার ও আশিকুর রহমান,  কোষাধ্যক্ষ মো. সাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আসিফ হাসান, সাংস্কৃতিক সম্পাদক সেফা খানম, ক্রীড়া সম্পাদক মো. রাজু। 


কার্যনির্বাহী সদস্যরা হলেন: রাকিন কবির, রাকিবুল হাসান সজীব, শান্তনু ঢালী ও হাসিবুল হক। তাদের মধ্যে প্রথম তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, এফএমবি বিভাগের চেয়ারম্যান পদাধিকারবলে ফিশারিজ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নবগঠিত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। 


এফএমবি বিভাগের চেয়ারম্যান ও ফিশারিজ ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফিশারিজ পরিবারের সকল সদস্যের অংশগ্রহণে একটি প্রাণবন্ত নির্বাচন সম্পন্ন হয়েছে। বিজয়ী এবং পরাজিত সকল সদস্যদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা নিজেদের মধ্যে ভাতৃত্ব বজায় রাখবে এবং দক্ষ নেতৃত্বে ফিশারিজ ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা।  


নবনির্বাচিত সহ-সভাপতি মো. আখতারুজ্জামান বলেন, “ফিশারিজ ক্লাব কোনো একক ব্যক্তির নয়, এটি পুরো এফএমবি পরিবারের। ক্লাবকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার, উচ্চশিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষকবৃন্দের নির্দেশনা ও সবার সহযোগিতায় ফিশারিজ ক্লাবকে একটি মডেল ক্লাবে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন বলেন, “আমাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে ক্লাবের কার্যক্রমের সমন্বয় করে ক্যারিয়ার সেমিনার, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা এবং গবেষণামূলক আয়োজন করা হবে। ক্লাবের প্রতিটি উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।”


ফলাফল ঘোষণার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন নেতৃত্বের কাছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ফিশারিজ ক্লাবকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করা এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি, গবেষণা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি করা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?