শিরোনামঃ

শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা


গৌরনদী প্রতিনি:

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বরিশালের  উজিরপুর কারফা পাবলিক একাডেমিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট সোমবার বেলা ১১ টায় একাডেমি মিলনায়তনে  একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সভায় প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক সুশীল কুমার ওঝা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের  সচেতনতা জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহপাঠনিক কার্যক্রম  যেমন খেলাধুলা, বিতর্ক-চর্চা, সাহিত্য-সংস্কৃতির চর্চা করতে হবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি শিক্ষার্থীর শরীর ও মন ভালো থাকে। এ সময় তিনি একাডেমীর সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

প্রধান বক্তা বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাঠদানের সময়োপযোগী কৌশল প্রয়োগ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে হবে। তিনি এ সময়  শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের করণীয় নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। মতবিনিময় সভার পাশাপাশি ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানটির অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?