প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রতি যবিপ্রবি এলামনাই এসোসিয়েশনের সংহতি প্রকাশ



যবিপ্রবি প্রতিনিধি


বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসনে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এলামনাই এসোসিয়েশন।


বুধবার (২৮ শে আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকৌশলী অধিকার আন্দোলনের বিষয়ে এ তথ্য জানায় যবিপ্রবি আ্যলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়,  দেশের অবকাঠামো নির্মাণ, শিল্পায়ন এবং টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে প্রকৌশলী সমাজ বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। একজন প্রকৌশলী হতে হলে দীর্ঘ সময়ের একাডেমিক সাধনা, উচ্চমানের গবেষণা, কঠোর পরিশ্রম এবং পেশাগত দক্ষতার স্বীকৃতি অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক সময়ে ডিপ্লোমা ও প্রকৌশলীদের সমতুল্য দাবি কেন্দ্র করে চলমান আন্দোলনে পুলিশের হামলা ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় বহু শিক্ষার্থী হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এ নৃশংসতা আমাদের ইতিহাসের সেই স্বৈরশাসনের অন্ধকার অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়, যখন তরুণদের প্রাণ অবিচারভাবে কেড়ে নেওয়া হয়েছিল। আমরা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানাই। একই সঙ্গে, যারা এ রক্তাক্ত ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি যে সকল বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আইইবির অন্তর্ভুক্ত নয় সেগুলোকে আইবির অন্তর্ভুক্ত করারও জোর দাবি জানাচ্ছি।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ন্যায়সংগত ও যুক্তিনির্ভর সিদ্ধান্তের মাধ্যমে প্রকৌশল পেশার মর্যাদা অক্ষুন্ন থাকবে এবং দেশের উন্নয়ন আরও বেগবান হবে ।


উল্লেখ্য, প্রকৌশল শিক্ষার্থীদের দাবি তিনটি হচ্ছে— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া; ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?