শিরোনামঃ

বৃত্তিতে উপজেলার শ্রেষ্ঠ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়



নলছিটি( ঝালকাঠি) প্রতিনিধি: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। 


প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে ১৪ জন সাধারণ ক্যাটাগরিতে ১১জনসহ মোট ২৫জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৩৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 



গত রবিবার আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।  


শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলে তারা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করতে পেরেছে।


প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে এজন্য আমরা সবাই আনন্দিত। কারণ তাদের আনন্দই আমাদের আনন্দ। আমরা শিক্ষার্থীদের সবসময় নিজেদের সেরাটা দিয়ে পাঠদান করে থাকি। এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। 


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বলেন, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তিতে উপজেলার শ্রেষ্ঠ হয়েছে আমি সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের অভিনন্দন জানাই। এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তারা মেধায় অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা রইলো।


উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?