শিরোনামঃ

বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ টায় উপাচার্য মহোদয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের আওতায় ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল সায়েন্সেস বিষয়ে যৌথ গবেষণা, একাডেমিক প্রকাশনা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা ও অতিথি বক্তৃতার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি হবে। সমঝোতা স্মারক অনুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মনোনয়ন এবং একাডেমিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে। অন্যদিকে রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ ও কারিগরি জ্ঞান অর্জনের ব্যবস্থা করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিল্পখাতের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি গবেষণা ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে পাঁচ বছর কার্যকর থাকবে এবং উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এর মেয়াদ নবায়ন করা যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের উপস্থিতিতে এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির এবং রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্লান্ট ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও বিভাগীয় প্রধানসহ রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?